অনেকের মতে বিশ্বকাপের সবচেয়ে অযথা ম্যাচ হচ্ছে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। এই আসরের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আজ মুখোমুখি হবে ক্রোয়েশিয়া ও মরক্কো। তবে ম্যাচটি মোটেও অর্থহীন নয়, কারণ বিজয়ী দলের খেলোয়াড়দের জন্য মেডেল ছাড়াও থাকবে মোটা অঙ্কের অর্থ পুরস্কারও।
১৯৩০ সালে প্রথম বিশ্বকাপে ছিল না তৃতীয় স্থান নির্ধারণী কোনো ম্যাচ। পরের বিশ্বকাপ থেকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের শুরু। তৃতীয় হওয়া দলের খেলোয়াড়রা পান ব্রোঞ্জ মেডেল। একই সঙ্গে তৃতীয় হওয়া দল এবার কাতার বিশ্বকাপে পাবে ২ কোটি ৭০ লাখ ডলার। চতুর্থ হওয়া দল পাবে ২০ লাখ ডলার কম অর্থাৎ ২ কোটি ৫০ লাখ ডলার পাবে।
আর্থিক মূল্য বাদ দিলেও অনেকের মতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের দরকার আছে। কাতার বিশ্বকাপের বাছাই পর্বে অংশ নিয়েছে ২০৬টি দেশ। তাদের মধ্যে তৃতীয় হওয়াটাও সম্মানের। মেডেলটি খেলোয়াড়দের মনে করিয়ে দেবে তারা কী দারুণ খেলেছিলেন। অল্পের জন্য বড় পুরস্কারটি পাননি।
বিশ্বকাপে কোন দল চ্যাম্পিয়ন হয়েছে ও রানার্সআপ হয়েছে সেটিই মানুষ মনে রাখে বেশি। তৃতীয় হয়েছিল কোন দেশ সেটি সমর্থকরা মনে রাখতে চান না। মরক্কোর স্কোয়াডে থাকা ২৬ খেলোয়াড়ের মধ্যে চারজনকে মাঠেই নামাননি কোচ ওয়ালিদ রেগরাগুই। আজ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কয়েকজনকে মাঠে নামাবেন বলেছেন তিনি। ক্রোয়েশিয়ার হয়ে লুকা মদ্রিচ, ইভান পেরিসিকের মতো খেলোয়াড়ের শেষ ম্যাচ হতে পারে আজ।