আমিরকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ

দলের আমির শফিকুর রহমানকে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর। 

ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে শনিবার (১৭ ডিসেম্বর) সকালে বিক্ষোভ মিছিলটি শাহাজাদপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাড্ডা বাস সার্ভিসের সামনে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিম উদ্দিন মোল্লা ও ডা. ফখরুদ্দীন মানিক, ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য জিয়াউল হাসান, মাওলানা মুহিব্বুল্লাহ, জামাল উদ্দীন, মু. আতাউর রহমান সরকার ও নাসির উদ্দীন, ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগরী উত্তর সভাপতি জাকির হোসেন, পশ্চিম সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও প্রাইভেট ইউনিভার্সিটি সভাপতি হুমায়ুন কবিরসহ অনেকে।

সংক্ষিপ্ত বক্তব্যে ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, সরকার গণআন্দোলনে ভীত হয়ে ডা. শফিকুর রহমানকে সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেপ্তার করে কথিত রিমান্ডের নামে নাজেহাল করছে।

তিনি আরও বলেন, ডা. শফিকুর রহমানের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় জড়িয়ে রিমান্ডে নেওয়া হয়েছে। আওয়ামী গণতন্ত্র এখন রীতিমত সার্কাসে পরিণত হয়েছে। আর আওয়ামী লীগের নেতারা এখন রীতিমত সার্কাসের কৌতুক অভিনেতা। সরকার নিজেদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য নতুন করে তামাশা ও ভাঁওতাবাজীর নির্বাচন করার জন্য দিবাস্বপ্নে বিভোর বলে মন্তব্য করেন তিনি।