টাইগারদের প্রতিরোধের সেশন

চট্টগ্রাম টেস্টের চতুর্থ ইনিংসে প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান। চতুর্থ দিন প্রথম সেশনটা নির্বিঘ্নে কাটিয়ে দিয়েছেন দুজনই, উভয়ই তুলে নিয়েছেন ফিফটি।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শনিবার বিনা উইকেটে ১১৯ রান তুলে লাঞ্চ বিরতিতে গেছে বাংলাদেশ। চলতি ম্যাচে এখন পর্যন্ত এই প্রথম কোনো সেশনে একটিও উইকেট পড়ল না।

টেস্ট ক্যারিয়ারে তৃতীয় ফিফটি তুলে নেওয়া শান্ত ১৪৩ বলে ৬৪ রানে অপরাজিত আছেন। অভিষেকেই ফিফটি তুলে নেওয়া জাকির ৫৫ রানে অপরাজিত আছেন।

বিনা উইকেটে ৪২ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ এদিন প্রথম সেশনে ৩০ ওভারে যোগ করেছে ৭৭ রান। শান্ত-জাকিরের ব্যাটে টেস্টে ভারতের বিপক্ষে এই প্রথম শতরানের উদ্বোধনী জুটি গড়ল টাইগাররা।

স্বাগতিকদের সামনে লক্ষ্য ৫১৩ রানের। জয়ের জন্য এখনও প্রয়োজন ৩৯৪ রান। ম্যাচ বাঁচাতে কাটিয়ে দিতে হবে আরও পাঁচ সেশন।

প্রথম ইনিংসে ভারতের ৪০৪ রানের বিপরীতে বাংলাদেশ ১৫০ রানে ‍গুটিয়ে যায়। পরে ২ উইকেটে ২৫৮ রান তুলে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছিল ভারত।