আ.লীগ নয়, বিএনপিই জাতির সঙ্গে ছলচাতুরি করেছে: কাদের

আওয়ামী লীগ নয়, বিএনপিই জাতির সঙ্গে ছলচাতুরি করেছে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ করার কথা বলেছিলেন, করেছেন। এবার তিনি ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ করার ঘোষণা দিয়েছেন। আওয়ামী লীগের জাতীয় সম্মেলন, নির্বাচনেও থাকবে এ অঙ্গীকার বলে জানান তিনি।

শনিবার (১৭ ডিসেম্বর) আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের স্বাস্থ্য ও জনসংখ্যা উপ-কমিটির প্রস্তুতি সভায় এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সেতুমন্ত্রী বলেন, আমরা মেগা প্রকল্প স্বপ্নের পদ্মা সেতু করেছি। কর্ণফুলী টানেল প্রায় শেষের দিকে। ডিসেম্বরেই মেট্রোরেলের উদ্বোধন। তারপরও বলছে আওয়ামী লীগ ছলচাতুরি করছে। কোথায় করলাম?

‘আওয়ামী লীগই প্রথম শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছে’ মন্তব্য করে তিনি বলেন, একাত্তরের চেয়ে আজকে আমাদের সংকট আরও বেশি। তখন জনসংখ্যা ছিল কম, সমাজ ছিল ঐক্যবদ্ধ। তবে বাংলাদেশের খাদ্য সংকট হবে না, ইনশাল্লাহ।

তিনি আরও বলেন, বিএনপি গণতন্ত্র গিলে খেয়েছে, এত বছর আমাদের গণতন্ত্র ছিল না। আমাদের সঙ্গে চাতুরি করেছে, আমরা কারও সঙ্গে চাতুরি করিনি। আমরা কারও বিরুদ্ধে ষড়যন্ত্রও করিনি, বরং হত্যা ষড়যন্ত্রের শিকার হয়েছি।