আইডিইবি'র সভাপতি এনামুল হক ও সম্পাদক আব্দুল হক

ইঞ্জিনিয়ার এনামুল হক এমপিকে সভাপতি ও আব্দুল হককে সাধারণ সম্পাদক করে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স-আইডিইবি'র ৭ সদস্যের অন্তর্বর্তীকালীন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আইডিইবি ভবনে সর্বস্তরের সদস্যদের উপস্থিতিতে এই কমিটি গঠন করা হয়। 

জরুরি সভায় বলা হয়, নানা অনিয়মের প্রেক্ষিতে আদালত আইডিইবি'র বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন। এর ফলে সৃষ্ট অচলাবস্থা দূর করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করতে জরুরি সভায় এই অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়। এই কমিটি স্বল্প সময়ের মধ্যে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রণয়নের করে ২০২৩-২০২৫ টার্মের নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবেন। এ ছাড়া অন্তর্বর্তীকালীন কমিটি আইডিইবি'র সকল প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন।

অন্তর্বর্তীকালীন কমিটিতে সভাপতি হয়েছেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি, সহসভাপতি এবিএম আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক আব্দুল হক, অর্থ সম্পাদক আব্দুল মতিন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান এবং সদস্য পদে রয়েছেন মোয়াজ্জেম হোসেন রতন এমপি ও রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি।

নতুন কমিটি নিরপেক্ষ লোকজন নিয়ে নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে আগামী ৩ মাসের মধ্যে নির্বাচন আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় নেতৃবৃন্দ সাধারণ সদস্যদের আত্মমর্যাদা আর আত্ম নির্ভরশীলতা নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। নেতৃবৃন্দ বিলুপ্ত কমিটির হামিদ-শামসুর প্যানেলের অনৈতিক ও বেআইনি কর্মকাণ্ডের পুনরাবৃত্তি রুখতে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে সকল সদস্যদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। 

আইডিইবি’র অচলাবস্থা কাটাতে জরুরি সভা ও অন্তর্বর্তীকালীন কমিটি গঠনের উদ্যোগ নেয় বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ।