সকালে ঘন কুয়াশা পড়তে পারে

শেষ রাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ শনিবার (১৭ ডিসেম্বর) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া রাজশাহীতে ১০.০, যশোরে ১০.২, সাতক্ষীরায় ১০.৫, ঈশ্বরদীতে ১০.৭, বদলগাছীতে, তেঁতুলিয়ায় ১০.৯, ১১.৭, রাজারহাটে ১১.৮, তাড়াশে ১২.২, খেপুপাড়ায় ১২.৩, খুলনায় ১২.৫, দিনাজপুরে ১২.৬, ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

আগামীকাল রবিবার সকাল ৯টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশের রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া পরবর্তী তিন দিনে আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় বিরাজমান রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চ চাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।