সম্প্রতি উত্তরা সংলগ্ন আহ্ছানিয়া মিশন ক্যানসার অ্যান্ড জেনারেল হাসপাতালে লঙ্কাবাংলা ফাউন্ডেশন কর্তৃক একটি অনুদান প্রদান বিষয়ক সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লঙ্কাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা খাজা শাহরিয়ার এবং আহ্ছানিয়া মিশন ক্যানসার অ্যান্ড জেনারেল হাসপাতালের চেয়ারম্যান আলহাজ কাজী রফিকুল আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তিটি স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ও স্বনামধন্য ক্যানসার বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ কামরুজ্জামান চৌধুরী (এমবিবিএস, এফসিপিএস, ডিএমআরটি)-ও উপস্থিত ছিলেন।
লঙ্কাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগে এবং আহ্ছানিয়া মিশন ক্যানসার অ্যান্ড জেনারেল হাসপাতাল এর সহযোগিতায় কিডনি রোগের চিকিৎসার্থে হাসপাতালটিতে একটি আধুনিক মানসম্পন্ন ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে এবং স্থাপনা প্রতিষ্ঠাপনের যাবতীয় আর্থিক সহায়তা প্রদান করবে লঙ্কাবাংলা ফাউন্ডেশন।
উল্লেখ্য যে, চুক্তি স্বাক্ষরের প্রেক্ষিতে এই ডায়ালাইসিস সেন্টার প্রতিষ্ঠায় লঙ্কাবাংলা ফাউন্ডেশন হাসপাতালটিকে সর্বমোট ১ কোটি ২৯ লক্ষ টাকা অনুদান প্রদান করবে।
অনুষ্ঠানে বাংলাদেশে কিডনি রোগের যাবতীয় উন্নত চিকিৎসা এবং ডায়ালাইসিস সেন্টার স্থাপন ও ব্যবস্থাপনা নিয়ে উভয় প্রতিষ্ঠানের প্রধানগণ আলোচনা করেন।
খাজা শাহরিয়ার বলেন, "দেশের আর্থসামাজিক উন্নয়ন, স্বাস্থ্য, পরিবেশ পরিকল্পনা ও উন্নয়ন এবং আর্ত-মানবতার সেবায় শুরু থেকেই লঙ্কাবাংলা ফাউন্ডেশন বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করে আসছে। আমি আশা করি, এই ডায়ালাইসিস সেন্টার থেকে সাধারণ মানুষ সহজলভ্য ও উন্নত চিকিৎসা সেবা গ্রহণ করতে সক্ষম হবে"।
আলহাজ কাজী রফিকুল আলম বলেন, "আহ্ছানিয়া মিশনের প্রয়াস হল একটি বিশ্বমানের স্বাস্থ্যসেবা কেন্দ্র প্রতিষ্ঠা করা যাতে একদিকে ক্যানসারের চিকিৎসার প্রয়োজনে সকল শ্রেণির মানুষের সেবা করা যায় এবং অন্যদিকে মূল্যবান বৈদেশিক মুদ্রা বাঁচাতে সহায়তা করা যায়। দুঃখী মানবতার সেবায় এবং তাদের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে আমাদের হাসপাতাল সব সময়ই প্রতিশ্রুতিবদ্ধ। আমি মনে করি, এই ডায়ালাইসিস সেন্টার থেকে কিডনি সমস্যায় আক্রান্ত রোগীগণ উন্নতমানের চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবে"।
তিনি হাসপাতালের প্রকল্পের এই অগ্রগতিতে অবদান রাখার জন্য লঙ্কাবাংলা ফাউন্ডেশনকে আন্তরিক সাধুবাদ জ্ঞাপন করেন।
উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে লঙ্কাবাংলা ফাইন্যান্স লিমিটেডের কামরুল ইসলাম, ট্রেজারি ও ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ডিভিশন প্রধান; মোস্তফা কামাল, এফসিএ, বোর্ড সেক্রেটারিয়েট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স প্রধান; মোহাম্মদ হাফিজ আল আহাদ, মানব সম্পদ ডিভিশন প্রধান; মুহাম্মদ হাবিব হায়দার, জেনারেল এন্ড ইনফ্রাস্ট্রাকচার ডিভিশন প্রধান; মোঃ রাজিউদ্দিন, ব্র্যান্ড মার্কেটিং এন্ড কমিউনিকেশনস প্রধান এবং আহ্ছানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের মোঃ ইফতেখারুল ইসলাম, অ্যাডমিন ও মানব সম্পদ পরিচালক; আর্কিটেক্ট কাজী শামীমা শারমিন, প্ল্যানিং ও ডেভেলপমেন্ট পরিচালক ও আনিসুল কবির জাসির, সেক্রেটারি, ঢাকা আহ্ছানিয়া মিশন ইউএসএ সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
দেশের সাধারণ মানুষের মাঝে কিডনি রোগের চিকিৎসা সেবা প্রদান ও লঙ্কাবাংলা ফাইন্যান্স এর ২৫ বছর পূর্তিকে বিশেষ অর্থবহ করে তুলতে লঙ্কাবাংলা ফাউন্ডেশন করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে দেশে এই ধরনের সেবামূলক কর্মসূচির আয়োজন করে আসছে।