বগুড়ার শেরপুরে র্যাব পরিচয়ে ব্যবসায়ীকে অপরহরণের পর নগদ টাকা এবং এটিএম কার্ড দিয়ে টাকা উঠিয়ে নেওয়ার পর গাজীপুরের রাস্তায় ফেলে গিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে শেরপুর থানায় এ ঘটনায় মামলা দায়ের করেন আহসান হাবিব (৪০) নামের ওই ব্যবসায়ী।
আহসান হাবিব উপজেলার ধনকুন্ডি গ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলে। ঘটনাটি ঘটে গত ১৪ ডিসেম্বর বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার ঘোগা ব্রিজ সংলগ্ন ঢাকা-বগুড়া মহাসড়কে।
জানা গেছে, আহসান হাবিব গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় তার চান্দাইকোনা ব্যবসাপ্রতিষ্ঠান থেকে শেরপুর শহরের পৌছালে পেছন থেকে আসা সাদা প্রাইভেট তার মোটরসাইকেল আটকায়। এরপর চারজন দুর্বৃত্ত র্যাব এর পোশাক পরে হাতে হ্যান্ডকাফ, পিস্তল, শক দেওয়ার তারসহ তার কাছে গিয়ে নিজেদের র্যাব পরিচয় দিয়ে তাকে প্রাইভেট কারে তুলে ঢাকার দিকে রওনা দেয়।
এরপর কথিত রাসেল নামের এক ব্যক্তি তার ব্যবহৃত (বাজাজ বগুড়া হ ১৮- ৩৪৪৪ ১২৫ সিসি) মোটরসাইকেলটি চালিয়ে কারের সাথে সাথে যায়। এরপর দুর্বৃত্তরা তার বিকাশের পিন কোড নিয়ে তার বিকাশ নম্বর থেকে পার্সোনাল বিকাশ নম্বরে ১৩ হাজার ৯০০ টাকা সেন্ড মানি করে নেয়। এ ছাড়া তার হাতে থাকা একটি স্বর্ণের আংটি এবং কাছে থাকা নগদ ৪ হাজার টাকা হাতিয়ে নেয়।
এরপর তাকে ভয়ভীতি দেখিয়ে তার ডাচ-বাংলা ব্যাংক অ্যাকাউন্টের এটিএম কার্ড থেকে ওই রাতেই ১ লাখ টাকা এবং পরদিন ৮৫ হাজার টাকা উত্তোলন করে। এরপর ওই দিন দুর্বৃত্তরা তাকে গাজীপুর চান্দুরা চৌরাস্তা ব্রিজের দক্ষিণ পাশে তাকে মোবাইল ফোনসহ নামিয়ে দেয় এবং তার মোটরসাইকেলটি সেখানে ফেলে যায়।
পরে আহসান হাবিব মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরেন। এরপর শনিবার শেরপুর থানায় এসে একটি মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করে শেরপুর থানার ওসি খোন্দকার আতাউর রহমান বলেন, মামলা হয়েছে। তদন্ত চলছে।