দলের অন্য কাউকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণার বাস্তবতা নেই বলে জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি বলেছেন, ‘কাউন্সিলের মাধ্যমে জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান হয়েছেন। তিনি চেয়ারম্যান থাকতে পারবেন না, এমন কোনো কথা আদালতের নির্দেশনায় নেই। তাই, কাউকে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণার বাস্তবতা নেই।’
গতকাল শনিবার জাপা চেয়ারম্যানের রাজধানীর বনানী কার্যালয়ে দলের যৌথ সভায় এসব কথা বলেন তিনি। এর আগে গত বুধবার মামলা নিষ্পত্তির আগে জিএম কাদের দলীয় সিদ্ধান্ত নিতে পারবেন না কারণ দেখিয়ে রওশনপন্থিরা দলের প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেন। যদিও সে রাতে এমন ঘোষণার কিছুক্ষণের মধ্যেই সেই ঘোষণা স্থগিত করেন তারা।