ডিএমপি কমিশনারের প্রশ্ন

২ কোটি নাগরিকের বিঘ্ন সৃষ্টি করলে পুলিশ কি তাকিয়ে থাকবে

রাজধানীর দুই কোটি নাগরিকের বিঘ্ন সৃষ্টি করলে পুলিশ কি তাকিয়ে থাকবে এমন প্রশ্ন ছুড়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। একই সঙ্গে ১০ ডিসেম্বরের মতো ভবিষ্যতেও এমন চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ সক্ষম বলে জানিয়েছেন তিনি।

গতকাল শনিবার দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস অডিটোরিয়ামে আয়োজিত মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষে বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের উদ্দেশে তিনি বলেন, ‘যে পুলিশের সূচনা ১৯৭১ সালে আপনারা করে দিয়েছিলেন এবং বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধে অবদান রেখেছিলেন, জীবন বিলিয়ে দিয়েছেন অনেকেই; সেই পুলিশের সদস্য হিসেবে গর্ব করে বলতে পারি যে ঐতিহ্যের ধারক ও বাহক হিসেবে আমরা সেই ধারাবাহিকতা ধরে রেখেছি।’ তিনি বলেন, ‘জাতির প্রতিটি ক্রান্তিকালে বাংলাদেশ পুলিশ, ডিএমপি সর্বদা জাতির পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আপনারা যেভাবে একাত্তর সালে বুকের রক্ত বিলিয়ে দিয়ে যুদ্ধ করেছেন, আপনাদের পরবর্তী প্রজন্ম তারাও প্রতিটি ক্রান্তিলগ্নে জাতির পাশে ছিল।’