নারায়ণগঞ্জের ফতুল্লায় এক বাড়িতে আগুনে মা-মেয়ে দগ্ধ হয়েছে। গত শনিবার রাত আড়াইটায় ফতুল্লার লালপুর আলামিনবাগ এলাকায় পুলিশ সদস্য সারোয়ার জাহানের বাড়ির ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, গ্যাসলাইন লিকেজ হয়ে আগুন লেগেছে।
দগ্ধ দুজন হলেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কইজুরী গ্রামের অটোরিকশাচালক মনির হোসেনের স্ত্রী নারগিস বেগম (২৬) ও তাদের মেয়ে মরিয়ম আক্তার (৪)। তাদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. এস এম আইউব হোসেন জানান, আগুনের ঘটনায় মা নার্গিস আক্তারের শরীরের ৭০ ও মেয়ে মরিয়মের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছে।