বিএনপির পাঁচ নেতাকে ডিভিশন দেওয়ার নির্দেশ

নয়াপল্টনে সংঘর্ষের ঘটনার মামলায় কারাগারে থাকা খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ বিএনপির পাঁচ নেতাকে প্রথম শ্রেণির বন্দির মর্যাদা (ডিভিশন) দেওয়ার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। এ-সংক্রান্ত রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল রবিবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

ডিভিশনের আদেশ পাওয়া নেতারা হলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, গাজীপুর বিএনপির সভাপতি ফজলুল হক মিলন ও দলটির নির্বাহীর কমিটির সদস্য আবুল হোসেন।

গত বুধবার তাদের পরিবারের পক্ষ থেকে ডিভিশন চেয়ে এ রিট আবেদনটি করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আল মাহমুদ বাশার দেশ রূপান্তরকে বলেন, ‘শুনানি শেষে আদালত পাঁচজনকে কারাগারে ডিভিশন দেওয়ার নির্দেশ দিয়েছেন।’

গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে মকবুল নামে একজন নিহত হন। সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় করা মামলায় মির্জা ফখরুল ও মির্জা আব্বাস, আব্দুস সালাম, খায়রুল কবির খোকনসহ দলটির কয়েকশ নেতাকর্মীকে আসামি করা হয়। অধস্তন আদালতের আদেশে ফখরুল ও আব্বাস কারাগারে ডিভিশন পাচ্ছেন।