পশ্চিম তীরে এক ইসরায়েলি বসতি স্থাপনকারীর বিরুদ্ধে ফিলিস্তিনি দুই ভাইকে গাড়িচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতদের নাম মোহাম্মদ এবং মুহান্নাদ মুতাইর। গত শনিবার এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এসব তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। প্রতিবেদনটিতে বলা হয়, নাবলুসের দক্ষিণে জাতারা চেকপয়েন্টে ফিলিস্তিনি ওই দুই ভাইকে ইচ্ছাকৃতভাবে গাড়িচাপা দিয়ে হত্যা করা হয় বলে দাবি করেছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা নিউজ এজেন্সি। জানা গেছে, বোনের বিয়েসংক্রান্ত কাজে গাড়িতে করে কোথাও যাচ্ছিলেন দুই ভাই। পথে তাদের বহনকারী গাড়িটির টায়ার পাংচার হয়ে যায়। গাড়িটি তারা নিজেরা ঠেলে সরিয়ে নেওয়ার সময় হঠাৎ করেই ইসরায়েলি এক নাগরিকের দ্রুতগামী গাড়ি তাদের চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই নিহত হন মোহাম্মদ। হাসপাতালে মারা যান মুহান্নাদ। ওই ইসরায়েলি এরপর থেকে আত্মগোপনে আছে।