বিশ্বকাপ ফাইনাল শুরুর দেড় ঘণ্টা আগে শুরু হলো জমজমাট সমাপনী অনুষ্ঠান। প্রায় ২০ মিনিটের অনুষ্ঠানটি মাতিয়ে তোলেন বলিউড তারকা নোরা ফাতেহি।
কাতার বিশ্বকাপের উদ্বোধনীতেও পারফরম করার কথা ছিল ফাতেহির। কিন্তু সেদিন দেখা না গেলেও সমাপনীতে ঠিকই দেখা পাওয়া গেছে তার।
রবিবার জমকালো সমাপনী অনুষ্ঠানে কাতার সংমিশ্রণ ঘটিয়েছে হলিউড-বলিউডের গ্ল্যামারের। ‘আ নাইট টু রিমেম্বার’ নামে একটি গানের সংকলনের সঙ্গে এই বিশ্বকাপের স্মরণীয় মুহূর্তগুলো ভিডিওর সাহায্যে দেখানো হয়েছে।
বিশ্বকাপের আরেকটি গান ‘আর্বো’ গেয়েছেন ওজুনা এবং গিমস। প্রথম এবং শেষ গানের মাঝে বিশ্বকাপের থিম সং ‘হায়া হায়া’ গেয়েছেন আমেরিকার গায়ক ডেভিডো এবং আইশা।
শেষ চমক হিসেবে ছিল নোরার নাচ। কালো পোশাকে নোরাকে দেখাচ্ছিল চমৎকার। ‘লাইট দ্য স্কাই’ গানের সঙ্গে তিনজনের সঙ্গে মঞ্চে নাচতে দেখা গেছে তাকে। তার সঙ্গী হয়েছিলেন বালকিস, রহমা রিয়াদ এবং মানাল।