ইনিংসের শুরুতেই নেই টপ অর্ডারের চার ব্যাটার। ওপেনিংয়ে নামা সৌম্য সরকার এক প্রান্ত আগলে রাখলেও বাকিরা ছিলেন যাওয়া আসার মিছিলে। তখনই ত্রাতা হয়ে এলেন উইকেট রক্ষক ব্যাটার জাকের আলি অনিক। পাঁচে নেমেই করেছেন প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রথম শতক। তাতে ভর করে বিসিএলের প্রথম দিনে ৭ উইকেট হারিয়ে ৩২৪ রান করেছে মধ্যাঞ্চল।
সোমবার থেকে শুরু হয়েছে চার দিনের সংস্করণের বাংলাদেশ ক্রিকেট লিগ। ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টের দশম আসরে রাজশাহীতে ভালো অবস্থানে বিসিবি মধ্যাঞ্চল। জাকেরের শতকের সঙ্গে সৌম্য সরকার ও শুভাগত হোমের অর্ধশতকও রয়েছে। তিন অংকের রানের খুব কাছে গিয়েও ফিরতে হয়েছে দুজনকে। জাকের আলি সেঞ্চুরি হাঁকিয়ে থামেন ১২১ রানে। সৌম্য ৭১ ও শুভাগত ৮২ রান করে আউট হন।
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে সকালে টস হেরে ব্যাট করতে নামে মধ্যাঞ্চল। ইসলামি ব্যাংক পূর্বাঞ্চলের বোলারদের তোপে শুরুতেই হারাতে হয় আব্দুল মজিদের উইকেট। পেসার রিপন মন্ডলের তোপে মোহাম্মদ মিঠুন ৭ ও সালমান হোসেন ১০ রানে আউট হন। আর তাতে ৩৭ রানেই ৩ উইকেট হারায় তারা।
এরপর সৌম্য সরকার ও জাকের জুটিতে যোগ করেন ১০৫ রান। ১০৪ বলে ফিফটি ছুঁয়ে সৌম্য অবশ্য হাত খুলে মারতে চেয়েছেন। তবে পেসার এনামুল হকের বলে নাইম হাসানকে ক্যাচ দিয়ে সেঞ্চুরি মিস করে। এই ওপেনার ১২৫ বলে ১৪ চারে সাজান ৭১ রানের ইনিংসটি। সৌম্য ফিরলেও শুভাগত হোমকে নিয়ে ১১৪ রানের আরও একটি দারুণ জুটি গড়েন জাকের। জুটি ভাঙে ৮৭ বলে ১০ চার ২ ছক্কায় ৮২ রান করা শুভাগত আউট হলে। তাকে ফেরান রিপন মন্ডল।
শুভাগত সেঞ্চুরি মিস করলেও ১৭৯ বলে সেঞ্চুরির দেখা পান জাকের। শেষ পর্যন্ত আউট হন ২০০ বলে ১৫ চার ও ৩ ছক্কায় ১২১ রান করে। শিকার হয়েছেন প্রতিপক্ষের সেরা বোলার রিপন মন্ডলের। মাঝে মোহাম্মদ শরিফুল্লাহ অবশ্য ব্যর্থ হন (১৬ বলে ১০)।
মধ্যাঞ্চল ৭ উইকেটে ৩২৪ রানে দিন শেষ করলে অপরাজিত থাকেন আরিফুল হক ও রবিউল হক। আরিফুল ১১ ও রবিউল ৪ রানে অপরাজিত আছেন। সর্বোচ্চ ৪ উইকেট নেওয়ার পথে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের রিপন মন্ডল খরচ করেন ১৫ ওভারে ৫৩ রান। আরেক পেসার এনামুল হকের শিকার ৬৩ রানে ২ উইকেট।