গ্যাবায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। মাত্র দুই দিনেই শেষ হয়ে যাওয়া এই ম্যাচটি ৬ উইকেটে জিতে নিয়েছে স্বাগতিকরা। খেলা শেষে মাঠের উইকেট আইসিসি থেকে ডিমেরিট হিসেবে ১ পয়েন্ট পেয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে।
সিরিজের প্রথম ম্যাচে পেসারদের দাপট দেখা গিয়েছে। মাত্র দুই দিনে বোলাররা তুলে নিয়েছিলেন ৩৪ উইকেট। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগারসহ অনেকেই উইকেটের সমালোচনা করেছিলেন। এলগার বলেন, ‘আমি মনে করি না যে এটি খুব ভালো টেস্ট উইকেট ছিল।’
আইসিসির এলিট প্যানেল অব ম্যাচ রেফারির সদস্য রিচি রিচার্ডসন প্রতিবেদন প্রকাশ করেছেন। যেখানে তিনি ডিমেরিট পয়েন্ট দেন।
প্রতিবেদনে তিনি উল্লেখ করেছেন, গ্যাবার যে উইকেটে খেলা হয়েছে সেটা অতিরিক্ত বোলার বান্ধব। অতিরিক্ত সীম হয়েছে, যা ব্যাটারদের জন্য লড়াই গড়ে তোলা বেশ কষ্টকর ছিল। তাই আইসিসির নির্দেশিকা অনুসারে পিচটিকে ‘গড়ের নিচে’ বলে দেখছি।