নানা কারণে শুরুর আগে থেকেই বিতর্ক ছিল কাতার বিশ্বকাপ নিয়ে। জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফুটবল মহাযজ্ঞের পর্দা নেমেছে। তবে শেষবেলায়ও বিতর্ক নিয়েই ইতি ঘটেছে। এবারের টুর্নামেন্টটি বিতর্কে জড়িয়েছে সল্ট বের কারণে। অধিকারি না হওয়া সত্বেও তিনি ট্রফিতে হাত দিয়েছেন। আর এতেই ছড়িয়ে পড়েছে বিতর্ক।
নিজস্ব শৈলীতে মাংস কেটে ও গোখরা সাপের ভঙ্গিমায় মাংসের ওপর লবণ ছিটানোর ভাইরাল ভিডিওতে রাতারাতি ইন্টারনেট তারকা বনে যান ইস্তানবুলের নুসরেত গোকচে। ‘অটোমান স্টে’ শিরোনামে ৩৬ সেকেন্ডের এই ভিডিও তাকে বিশ্ববাসীর কাছে সল্ট বে নামে বিখ্যাত করে। এবার বিশ্বকাপের ফাইনালে তিনি লুসাইলে হাজির হয়েছিলেন। ভিআইপি ক্যাটাগরিতে টিকেট কেটেছিলেন। যে টিকেটের দর্শকদের মাঠে প্রবেশের অধিকার থাকে। সুযোগ পান খেলোয়াড়দের সঙ্গে ছবি তোলা।
সেই সুযোগটা লুফে নিয়েছিলেন বিশ্ববিখ্যাত এই বাবুর্চি। আর্জেন্টিনার ফুটবলাররা যখন জয় উদযাপনে ব্যস্ত, তখন মাঠে গিয়ে মেসির সঙ্গে তাকে ছবি তুলতে দেখা গেছে। তবে এতেই তিনি থেমে থাকেননি। খেলোয়াড়দের সঙ্গে তিনিও বিশ্বকাপের ট্রফি হাতে নিয়ে ছবি তুলেন।
ছবিটি ছড়িয়ে পড়তেই এ নিয়েই শুরু হয়েছে বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে অনেক সমালোচনা হয়েছে। অনেকে এটাকে বাড়াবাড়ি বলেও মন্তব্য করেছেন। কারণ সল্ট বে যে বিশ্বকাপের ট্রফিতে হাত দেওয়ার যোগ্যতা রাখেন না। খেলোয়াড়, রাজনৈতিক নেতা ও রাষ্ট্রপ্রধান ছাড়া যে এই ট্রফি কেউ স্পর্শ করতে পারেন না।