পাকিস্তানে কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি) কম্পাউন্ডে জঙ্গিদের জিম্মি থেকে তিন দিন পর মুক্তি পেয়েছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তাদের মুক্ত করতে সেনাবাহিনীর স্পেশাল সার্ভিস গ্রুপ (এসএসজি) অভিযান চালায়। এতে সেখানে থাকা ৩৩ জঙ্গির সবাই নিহত হয়। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এ তথ্য জানিয়েছেন। খবর জিও নিউজের।
খাইবার পাখতুনখাওয়ার বান্নু বিভাগের সিটিডি কম্পাউন্ড মূলত একটি কারাগার। গ্রেপ্তার জঙ্গিদের সেখানে রাখা হয়। গত রবিবার বন্দিদের একজন এক নিরাপত্তারক্ষীর অস্ত্র ছিনিয়ে নেওয়ার পর জঙ্গিরা কম্পাউন্ডটির নিয়ন্ত্রণ নেয়। তারা নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্যকে জিম্মি করে। জঙ্গিরা নিরাপদে আফগানিস্তান যাওয়ার দাবি করেছিল।
পাকিস্তান পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে অভিযানের বিষয়টি তুলে ধরে প্রতিরক্ষামন্ত্রী বলেন, স্থানীয় সময় গতকাল বেলা আড়াইটার দিকে কম্পাউন্ডটির পুরোপুরি নিয়ন্ত্রণ নেয় এসএসজি।
সিটিডি সেন্টারে জিম্মি করার বিষয়টি স্বীকার করে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। এক ভিডিও বক্তব্যে টিটিপির মুখপাত্র বলেন, জিম্মিকারীরা নিরাপদ প্রস্থানের দাবি জানিয়েছিল। কিন্তু বাস্তব অবস্থা সম্পর্কে ধারণা না থাকায় তারা ভুলে আফগানিস্তানের নাম উল্লেখ করে।