ইনস্টাগ্রামে মেসির ইতিহাস

সদ্যই পরম আরাধ্য বিশ্বকাপ ট্রফির ছোঁয়া পেয়েছেন লিওনেল মেসি। গড়েছেন একের পর এক কীর্তিও। এবার মাঠের বাইরেও যেন রেকর্ড ভাঙা-গড়ার খেলায় নামলেন আর্জেন্টিনা অধিনায়ক। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে গড়ে ফেললেন ইতিহাস।

বিশ্বকাপ জয়ের পর একগুচ্ছ ছবি ইনস্টাগ্রামে মেসি পোস্ট করেছিলেন মেসি। যা ইনস্টাগ্রাম ইতিহাসে সবচেয়ে বেশি লাইকের ইতিহাস গড়েছে।

বিষয়টি জানিয়েছেন স্বয়ং মেটার সিইও মার্ক জাকারবার্গ। ফেইসবুকে করা পোস্টে তিনি লিখেন, ‘লিওনেল মেসির বিশ্বকাপ হাতে উদযাপনের ছবি ইনস্টাগ্রামে ইতিহাস গড়েছে। আর তার হোয়াটসঅ্যাপে সেকেন্ডে ২৫ মিলিয়ন বার্তা আসছে।’

বিশ্বকাপ জয়ের পর তিনটি ছবি পোস্ট করে মেসি লিখেছিলেন, ‘এই মুহূর্তটার জন্য আমি বারবার স্বপ্ন দেখেছি। এখনও বিশ্বাস হচ্ছে না এটা বাস্তব। আমাদের ওপর যারা ভরসা রেখেছে, যারা সমর্থন করেছে, আমাদের পরিবারের সবাইকে অনেক ধন্যবাদ জানাই।’

মেসি আরও লিখেন, ‘আমাদের সবার দলগত প্রচেষ্টায় বিশ্বকাপ জেতা সম্ভব হল, যা যে কোনো ব্যক্তি প্রচেষ্টার চেয়ে অনেক বড়। আমরা সব আর্জেন্টিনাবাসী একসঙ্গে বিশ্বজয়ের স্বপ্ন দেখেছি। একসঙ্গে দেখা স্বপ্নটা অনেক শক্তি পেয়েছে। আমরা আর্জেন্টিনিয়রা প্রমাণ করলাম, একসঙ্গে লড়লে সব কিছু সম্ভব।’

১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে হারায় আর্জেন্টিনা। এর আগে অতিরিক্ত সময় শেষে ম্যাচে ছিল ৩-৩ সমতা।