স্বপ্নের বিশ্বকাপের ছোঁয়া পেয়েছেন লিওনেল মেসি। সেই ট্রফি নিয়ে ঘুমানোর ছবি ভাইরাল হয়েছে ইতোমধ্যে। এবার দেশে ফিরে বিমানবন্দরের একটা ছবি ভাইরাল হয়েছে নতুন করে। যা দেখে মনে হয়েছে, ট্রফিটা হাতছাড়া করতে চান না তিনি।
কাতার বিশ্বকাপের শিরোপাটা শেষ পর্যন্ত লিওনেল মেসির হাতেই উঠেছে। লুসাইল আইকনিক স্টেডিয়ামে ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট পরে আর্জেন্টিনা। তাতে ঘোচায় ৩৬ বছরের শিরোপা খরা।
সেই খরা ঘোচানোর রাতে নিজের স্বপ্ন পূরণ করেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। তারপর থেকেই ট্রফিকে এমনভাবে আগলে রাখছেন, যেন সেটা আর কাউকে দেবেন না। একটা নবজাতক পৃথিবীতে এলে তাকে নিয়ে যেমন উচ্ছাস থাকে, বিশ্বকাপ জয়ের পর তেমনই উচ্ছাস লিওনেল মেসির। ছড়িয়ে পড়া ছবিটা দেখে মেসির স্বপ্ন জয় আর বিশ্বকাপ জেতার মাহাত্য দুটোই ফুটে উঠেছে।