ভবন রং করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

ঢাকার দোহার উপজেলায় এক বাড়িতে রঙের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দক্ষিণ জয়পাড়া বড়মাঠ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া শ্রমিকরা হলেন উপজেলার দক্ষিণ জয়পাড়া মাঝিবাড়ি এলাকার মনির হোসেন (৩৫) ও ইকরাশি খ্রিস্টানপাড়া এলাকার মো. সানি (৩২)। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ওই দুই মিস্ত্রি নির্মাণাধীন ভবনের বাইরের অংশে রঙের কাজ করছিলেন। ভবনের পাশে পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর সঞ্চালন লাইন রয়েছে। দ্বিতীয় তলার অংশে কাজ করার সময় তারা সঞ্চালন লাইনের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। দোহার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।