মেসি-রোনালদো বিতর্কে পোস্ট ডিলিট করল ফিফা

লিওনেল মেসি না ক্রিশ্চিয়ানো রোনালদো — এই বিতর্ক উসকে দিয়েছিল স্বয়ং ফিফা। শেষ পর্যন্ত অবশ্য মেসিকে সর্বকালের সেরা ঘোষণা করেও বিতর্কের মুখে টুইট ডিলিট করেছে বিশ্ব ফুটবলে নিয়ন্তা সংস্থা।

গত রবিবার ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা ঘরে তুলে আর্জেন্টিনা। লিওনেল মেসি পেয়েছেন অধরা বিশ্বকাপ ট্রফির দেখা।

আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হতেই ফিফার পক্ষ থেকে দুটি পোস্ট করা হয়। যার একটিতে ছিল রোনালদোর থামস আপের ছবি। সমর্থকেরা বিশ্বকাপ উপভোগ করেছেন কী না, এমন পোস্টের সঙ্গে ছবিটি ব্যবহার করা হয়।

অরেকটি পোস্টে লেখা হয়- ‘সর্বকালের সেরা বিতর্কের অবসান। ফুটবলের সেরা ট্রফিটা উত্তরাধিকার সম্পূর্ণ হয়েছে। আর্জেন্টিনা নিজেদের তৃতীয় বিশ্বকাপ জিতেছে। মেসি বিশ্বকাপের সেরা ফুটবলার।’

এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে চরম ক্ষোভের মুখে পড়ে ফিফা। একজনকে কৃতিত্ব দিতে গিয়ে অন্যতম সেরা আর এক ফুটবলারকে বিদ্রূপ করা হচ্ছে, এমন সব মন্তব্য আসতে থাকে। যার জেরে দুটি পোস্টই ডিলিট করেছে ফিফা।

এবারের বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে ছিলেন মেসি। আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন। মোট ৭ গোল করেছেন, যা টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ।

অন্যদিকে রোনালদোর আসর কেটেছে দুঃস্বপ্নের মতো। মরক্কোর কাছে হেরে আসরের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় তার দল। আসরে মাত্র এক গোল করেছিলেন রোনালদো। এমনকি শেষ দিকে শুরুর একাদশেও জায়গা হয়নি তার।