নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল ইন্দাল শারক্বীয়ার দুই সদস্যকে আটকের তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। তারা প্রায় এক বছর নতুন জঙ্গি সংগঠনের প্রশিক্ষণ ক্যাম্পে প্রশিক্ষণ নেয়। সমতলে আসার পর গোয়েন্দা নজরদারিতে রেখে গত বুধবার তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলো সিলেটের সাইফুল ইসলাম তুহিন (২১) ও চাঁদপুরের মো. নাঈম হোসেন (২২)। গ্রেপ্তারের পর গতকাল বৃহস্পতিবার তাদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে সিটিটিসি। পরে দুদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
গতকাল ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান বলেন, ‘সিলেট থেকে সাইফুল ইসলাম গত বছর ১৫ নভেম্বর কথিত হিজরতের উদ্দেশ্যে বের হয়। সে একটি কওমি মাদ্রাসায় পড়ত, সেখানে একজন ইমামের মাধ্যমে সে উগ্রবাদে উদ্বুদ্ধ হয়ে হিজরতে যায়।’
তিনি আরও বলেন, ‘গ্রেপ্তার নাঈম হোসেন শেরেবাংলা কৃষি ইনস্টিটিউশনের ছাত্র ছিল। করোনার সময় ইনস্টিটিউশন বন্ধ থাকায় সে বাড়িতে চলে যায়। সেখানে এক হুজুরের মাধ্যমে উগ্রবাদে উদ্বুদ্ধ হয় নাঈম। পরে সে ঢাকায় এসে কাউকে কিছু না বলে অক্টোবরের ২ তারিখে কুমিল্লায় সেফ হাউজে চলে যায়। সেখান থেকে নাঈম একইভাবে আরও ৮-১০ জনের সঙ্গে প্রশিক্ষণশিবিরে চলে যায়।’