ব্যাংক নোটে মেসি

৩৬ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপ শিরোপা জিতেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। এই আনন্দে দেশে ফেরার পর থেকে সমর্থকদের সঙ্গে উৎসব করে চলেছে পুরো দল। মানুষের ভিড় এড়াতে শেষ পর্যন্ত হেলিকপ্টার বেছে নিতে হয়েছিল মেসিদের। এবার আরও এক চমক, আর্জেন্টাইন অধিনায়ক মেসির জন্য। ব্যাংক নোটে জায়গা পেতে যাচ্ছে মেসির ছবি। ডেইলি মেইল জানিয়েছে, বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির মুখচ্ছবি ১০০০ পেসো ব্যাংক নোটে রাখার কথা চিন্তা করছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক।

ডেইলি মেইল তাদের প্রতিবেদনে বলেছে, কাতারে জাতীয় দলের ঐতিহাসিক জয়কে স্মরণীয় করে রাখতে আর্জেন্টিনার কেন্দ্রীয় ব্যাংক আগ্রহী। ফ্রান্সের বিপক্ষে ফাইনালে জয়ের আগে থেকেই এই ধারণা নিয়ে কাজ করছে তারা।

আলোচিত ১০০০ পেসো নোটের মুদ্রিতব্য খসড়া ভাইরালও হয়ে গেছে। ভক্তরাও এটিকে দ্রুত দেখতে আগ্রহী। সম্ভাব্য ওই ১০০০ পেসোর নোটের এক পাশে মেসির ছবি থাকবে। সঙ্গে থাকবে মেসির স্বাক্ষর ও নাম। অন্য পাশে ২০২১ সালে কোপা আমেরিকার শিরোপা জয়ের গল্প এবং ফিনালিসিমা জয়ের পর আর্জেন্টিনা দলের উল্লাসের ছবি।

১০০০ পেসোর ব্যাংক নোট বাছাইয়ের কারণ এতে প্রথম দুই অঙ্ক দিয়ে মেসির জার্সি নম্বর ‘১০’ থাকছে। এর আগে ১৯৭৮ সালে বিশ্বকাপ আয়োজন উপলক্ষে আর্জেন্টিনার কেন্দ্রীয় ব্যাংক স্মারক কমার্শিয়াল কয়েন চালু করেছিল। তখন কপার, নিকেল ও অ্যালুমিনিয়ামের ২০ পেসো, ৫০ পেসো ও ১০০ পেসোর কয়েনের এক পাশে ছিল বিশ্বকাপের লোগো। অন্যপাশে ছিল ফুটবল খেলার দৃশ্য ও স্টেডিয়ামের ছবি। এর পাশাপাশি একইভাবে সিলভারের ১০০০ পেসো, ২০০০ পেসো ও ৩০০০ পেসোর কয়েন ছেড়েছিল।