মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি পালানো আমাদের ‘ব্যর্থতা’: র‍্যাব ডিজি

ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি পালিয়ে যাওয়ার ঘটনা ও এখন পর্যন্ত তাদের ধরতে না পারাকে ব্যর্থতা বলে স্বীকার করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক এম খুরশীদ হোসেন।

ক্ষমতাসীন আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন উপলক্ষে শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে সোহরাওয়ার্দী উদ্যান ভেন্যু পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

পালিয়ে যাওয়া জঙ্গিদের বিষয়ে এক প্রশ্নের জবাবে এম খুরশীদ হোসেন বলেন, আমরা আত্মসমালোচনায় বিশ্বাস করি। অবশ্যই আমাদের দুর্বলতা থাকলে স্বীকার করবো। দুই জঙ্গি পালিয়ে গেছে, এটা আমাদের ব্যর্থতা। দুজন জঙ্গি চলে গেছে এবং হয়তো তারা দীর্ঘদিন ধরে পরিকল্পনা করেই গিয়েছে। তাদের এখনো ধরতে পারিনি, কিন্তু আমাদের অভিযান অব্যাহত রেখেছি।

র‍্যাব মহাপরিচালক বলেন, এখনো জঙ্গি তৎপরতা অব্যাহত আছে। আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। আমরা আগেও বলেছিলাম, আপনারা নিশ্চয়ই জানেন, পাহাড়ি এলাকায় জঙ্গি সংগঠনের প্রশিক্ষণ চলাকালে আমরা তাদের আটক করি। তাই, তারা তেমন কিছু করার সুযোগ পাবে বলে আমরা মনে করি না।

এসময় তিনি অপর এক প্রশ্নের জবাবে বলেন, আমরা রাজনৈতিক অপশক্তি রুখতে বদ্ধপরিকর। আইনশৃঙ্খলা বিঘ্নিত হতে পারে এমন কোনো অবস্থা সৃষ্টি হবে না।

সম্মেলনের নিরাপত্তা নিয়ে এম খুরশীদ হোসেন বলেন, সম্মেলনের সার্বিক দিক মনিটরিং করেছি। বিভিন্ন পয়েন্টে স্ট্রাইকিং ফোর্স, ডগ স্কোয়াড, বোম্ব ডিস্পোজাল, প্যাট্রোলিং টিম, কমান্ডো ফোর্স দায়িত্ব পালন করবে। সম্মেলনে আগতদের মেটাল ডিটেক্টরের মাধ্যমে চেক করা হবে।