কাতার বিশ্বকাপে শিরোপা জয়ের পথে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে লড়েছিল নেদারল্যান্ডসের বিপক্ষে। সেই ম্যাচে লিওনেল মেসির সঙ্গে ঝামেলায় জড়ান ওয়াউট ওয়েগহোর্স্ট। ডাচদের পক্ষে যিনি জোড়া গোল করেন। সেদিনের ঘটনা নিয়ে এবার মুখ খুললেন এই ডাচ স্ট্রাইকার।
ওয়েগহোর্স্টের দাবি, ম্যাচ শেষে হাত মেলাতে চাইলেও মেসি সেটা করেননি। তবে মেসি এখন অন্তত তার নাম জানে বলে গর্বিত তিনি।
আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচটিতে নির্ধারিত সময়ে ছিল ২-২ সমতা। আর্জেন্টিনা যখন ম্যাচ জিতে নিয়েছে বলে মনে হচ্ছিল, এমন সময় মোড় ঘুড়িয়ে দেন ওয়েগহোর্স্ট। জোড়া গোলে সমতা ফেরান ম্যাচে। পরে অতিরিক্ত সময়েও কোনো দল গোল পায়নি। তাই খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-৩ ব্যবধানে জয় তুলে নেয় আর্জেন্টিনা।
মেসির সঙ্গে সেদিন কি নিয়ে ঝামেলা হয়েছিল? সংবাদমাধ্যমকে ওয়েগহোর্স্ট বলেন, ‘ম্যাচে নেমে আমি লড়াই করি। সেই ম্যাচেও সেটাই করেছিলাম। খেলা চলাকালীন মেসির সঙ্গে কয়েক বার বল দখলের লড়াই হয়েছিল। আমি তাকে অনেক সম্মান করি। সে এখনকার অন্যতম সেরা ফুটবলার।’
‘তাই খেলা শেষে আমি তাকে কতটা সম্মান করি সেটা দেখানোর জন্যই সামনে গিয়েছিলাম। কিন্তু মেসি রেগে গেল। আমার মনে হয়, সে এখনও আমার ওপর রেগে আছে। বিষয়টাকে আমি বড় প্রাপ্তি হিসেবেই দেখছি, এখন অন্তত আমার নামটা মেসি জানে।’
নেদারল্যান্ডসের সেদিনের শারীরিক ফুটবল একেবারেই পছন্দ হয়নি মেসির। তাকে অনেকবার ফাউলের শিকার হতে হয়েছে। একের পর এক হলুদ কার্ড দেখিয়ে ম্যাচ আরও উত্তপ্ত করে তোলেন রেফারি। সব মিলিয়ে মেসি সেদিন বেশ বিরক্ত ছিলেন।
ম্যাচের সেরা হওয়ার পর মেসি যখন সাক্ষাৎকারের দিচ্ছিলেন, তখন পাশ দিয়ে যাচ্ছিলেন ওয়েগহোর্স্ট। সেই সময়ও মেসি তার ওপর বিরক্তি প্রকাশ করেন।
ওয়েগহোর্স্টের দাবি ম্যাচ শেষে মেসি তার সঙ্গে হাত মেলাননি, ‘খেলা শেষে মেসির সঙ্গে হাত মেলাতে গিয়েছিলাম। কিন্তু সে হাত মেলায়নি। উল্টো কী সব বলেছিল। স্প্যানিশ ভাষায় বলায় আমি বুঝতে পারিনি। কিন্তু আমার খুব খারাপ লেগেছিল।’