আওয়ামী লীগের সম্মেলনের 'থিম সং' প্রকাশ

আওয়ামী লীগের ৭৩ বছরের ইতিহাসে প্রথমবার কোনো সম্মেলনে যুক্ত হচ্ছে 'থিম সং'। আগামীকাল অনুষ্ঠেয় দলটির ২২তম জাতীয় সম্মেলন উপলক্ষে তৈরি করা হয়েছে একটি 'থিম সং'। দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে 'থিম সং'টি আপলোড করা হয়েছে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তরের উদ্যোগে নির্মিত ‘থিম সং’টির গীতিকার জুলফিকার রাসেল। দলটির দপ্তরের দায়িত্বে থাকা ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পরিকল্পনায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন পাভেল অরিন। কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই, চন্দনা মজুমদার, দিলশাদ নাহার কণা ও মাশা ইসলাম। গানটিতে মোহনবীণা বাজিয়েছেন গ্র্যামি অ্যাওয়ার্ডজয়ী ভারতের শাস্ত্রীয় সংগীত ব্যক্তিত্ব পণ্ডিত বিশ্বমোহন ভাট।

ইয়াসির মাহমুদ খানের সমন্বয়ে চিত্র পরিচালনা করেছেন ইশতিয়াক মাহমুদ।

'অন্যরকম কিছু করার ভাবনা থেকেই এ ব্যতিক্রমী আয়োজন' জানিয়ে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, 'আওয়ামী লীগ একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। যার নেতৃত্বে স্বাধীন হয়েছে বাংলাদেশ। দলের দীর্ঘ ৭৩ বছরের ইতিহাসে অনেক জাতীয় সম্মেলন হয়েছে। তবে এবারই প্রথম দলের দপ্তর বিভাগ থেকে একটি থিম সং করা হলো।'