শিশুর হাতে নতুন বই

নতুন বইয়ে ঘ্রাণটা ভাসে

তাইতো শিশু ছুটে আসে

বইগুলো সব নিতে,

বইয়ে রঙিন কভার দেখে

বইয়ের মাঝে হাতটা রেখে

বলছে তাকে দিতে।

 

বইগুলো সব বাড়ি নিয়ে

মলাট বাঁধে কাগজ দিয়ে

অনেক যত্ন করে,

পুরো বইয়ের পাতা দেখে

পড়ার ফাঁকে একটু লেখে

আঁকে খাতা ভরে।

 

বইয়ে দারুণ দৃশ্য আছে

এইসব দেখে শিশু নাচে

তৃপ্তি মনে প্রাণে,

মজার মজার গল্প ছড়া

আনন্দে হয় অনেক পড়া

ছন্দ সুরে গানে।

 

জানতে পারে অনেক কিছু

মনটা থাকে বইয়ের পিছু

সারাটা দিন ধরে,

বিকেলবেলায় শুধু খেলা

সকাল এবং সন্ধ্যাবেলা

পড়ে নিজের ঘরে।