অপু বিশ্বাসের সঙ্গে কাজ করছি

তরুণ প্রজন্মের সম্ভাবনাময় চিত্রনায়ক সাজ্জাদ হোসেন। তার বেশকিছু সিনেমা মুক্তির অপেক্ষায়। সম্প্রতি শুরু করেছেন নতুন ওয়েব সিরিজের কাজ। সমসাময়িক বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ

বুবলীর পর অপু...

আমি সব সময়ই ভালো শিল্পী, নির্মাতা ও প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করতে চাই। অপু বিশ্বাস ও বুবলী, দুজনের সঙ্গেই কাজ করেছি।  মজার বিষয় হলো, দুটি কাজই বেঙ্গল মাল্টিমিডিয়ার। প্রথমে বুবলীর সঙ্গে করেছি মাসুদ মহিউদ্দিন পরিচালিত সিনেমা ‘পাপ পূরাণ’। এবার অপু বিশ্বাসের সঙ্গে করছি সৈয়দ শাকিল পরিচালিত ওয়েব সিরিজ ‘ছায়াবাজি’র কাজ।

ছায়াবাজি...

গত ১৭ ডিসেম্বর থেকে ঢাকার বিভিন্ন লোকেশনে সিরিজটির কাজ হচ্ছে। আজও আমি এই সিরিজের কাজ করছি। অপু বিশ্বাস ছাড়াও সহশিল্পী হিসেবে পেয়েছি ভীষণ প্রিয় অভিনেতা তারিক আনাম খানকে। ‘ছায়াবাজি’র গল্প অসাধারণ। আহমেদ শাহাবুদ্দিনের সাইকো থ্রিলার গল্প অবলম্বনে ছবিটি নির্মিত হচ্ছে। এ ধরনের কাজ আমাদের দেশে আমি অন্তত দেখিনি। নির্মাতা সৈয়দ শাকিল অত্যন্ত জ্ঞানী মানুষ। প্রচুর পড়াশুনা করেন। আমার সৌভাগ্য যে, এখন যে কজন পরিচালকের সঙ্গে কাজ করছি সবাই খুবই আধুনিক চিন্তাধারার মানুষ। সিনেমা কিংবা অভিনয় তাদের সঙ্গে আমার চিন্তাভাবনা একেবারেই মিলে যায়। তাই কাজ করে আনন্দ পাই। এই সিরিজে আমি একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছি। আরটিভি প্লাসে কাজটি প্রকাশিত হবে। আশা করছি কাজটি দর্শক উপভোগ করবেন।

অপুর বিপরীতে...

বয়স নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। গল্পে যদি কোনো শিল্পীকে ডিমান্ড করে তবে বয়স কার কত সেটা কোনো বিষয় নয়। আমার আর অপু বিশ্বাসের ক্ষেত্রেও তাই হয়েছে। ‘ছায়াবাজি’র গল্প আসলে তথাকথিত নায়ক-নায়িকার প্রেমের মধ্যে সীমাবদ্ধ নয়। ফলে অপু বিশ্বাস আমার নায়িকা এ কথা বলা যাবে না। এটা একটা সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিরিজ। একটি হত্যা ও তার রহস্য উন্মোচন নিয়ে ছবিটি। পুলিশ অফিসার হিসেবে আমার কাঁধেই সেই ঘটনার তদন্তের দায়িত্ব এসে পড়ে। একটা কথা বলতে চাই, আমি যখন রিয়েলিটি শোর প্রতিযোগী তখন অপু বিশ্বাস একটি পর্বে বিচারক হিসেবে ছিলেন। আমার বরং সৌভাগ্য যে বিচারকের সঙ্গে কাজ করছি। তিনি খুবই হাসিখুশি আর মিশুক একজন মানুষ। কাজের সময় আবার খুব সিরিয়াসলি করেন। তাকে এই সিরিজে আমি প্রম্পট ব্যবহার করে সংলাপ দিতে শুনিনি। তিনি আত্মস্থ করেই সংলাপ দিয়েছেন।

হাতে থাকা ছবি...

বুবলীর সঙ্গে ‘প্রেম পূরাণ’ শেষ। জাজ মাল্টিমিডিয়ার হরর ছবি ‘মোনা’র কাজও শেষ। মুক্তির অপেক্ষায় রয়েছে জাজের আন্তর্জাতিক প্রজেক্ট ‘এমআর ৯’। এছাড়া একটি বেসরকারি টিভি চ্যানেল প্রযোজিত প্রথম সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি একজন জনপ্রিয় চিত্রনায়িকার সঙ্গে। সেই খবরটি কিছুদিন পরেই সবাইকে জানাব।