চাঁদপুরে শিক্ষামন্ত্রী

শিক্ষায় সংস্কার নয়, প্রয়োজন রূপান্তর

পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে খাপ খাওয়াতে শিক্ষায় পরিবর্তন বা সংস্কার নয়, প্রয়োজন রূপান্তর এমন মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, শিক্ষাব্যবস্থায় দীর্ঘদিন ধরে পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। তবে এখন শুধু পরিবর্তন নয় রূপান্তরের কথা বলা হচ্ছে।

গতকাল শুক্রবার চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করা হয় চাঁদপুর সরকারি কলেজ মাঠে।

দীপু মনি আরও বলেন, শিক্ষার্থীদের শিখন পদ্ধতিতে সম্পূর্ণ পরিবর্তন নিয়ে আসা হয়েছে। এখন শিক্ষার্থীরা হাতে-কলমে শিখবে, অভিজ্ঞতাভিত্তিক শিখন হবে। এ ছাড়াও মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন নিয়ে আসা হয়েছে। তিনি বলেন, ‘আমরা শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষার ভয়ভীতি চাই না। আমরা চাই আনন্দময় শিক্ষাপদ্ধতি হবে এবং আনন্দময় শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা বিজ্ঞানমনস্ক হবে, তারা শুধু প্রযুক্তিবান্ধব নয়, প্রযুক্তির ব্যবহার ও উদ্ভাবনে দক্ষ হবে এবং মানবিক সৃজনশীল মানুষ হবে।’

সময়মতো বই উৎসব হওয়ার ঘোষণা দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৩১ ডিসেম্বর উৎসবের উদ্বোধন করবেন এবং ১ জানুয়ারি দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বই উৎসব উদযাপিত হবে। বাচ্চারা নতুন বই হাতে পাবে।