দীর্ঘ ২৫ বছরেও পার্বত্য চুক্তি পুরোপুরি বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)। তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি এই চুক্তি এমনিতে আর বাস্তবায়িত হবে না। চুক্তি বর্তমানে মুখ থুবড়ে পড়ে আছে। এই চুক্তি বাস্তবায়নে সংগ্রাম অনিবার্য, সংগ্রাম হবেই হবে।’
গতকাল শুক্রবার সকালে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে প্রবন্ধ প্রতিযোগিতা অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সন্তু লারমা এসব কথা বলেন।
সন্তু লারমা অভিযোগ করে বলেন, চুক্তির আগেও যে পরিস্থিতি ছিল এখনো তা বহাল হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিযোগিতা অনুষ্ঠান কমিটির আহ্বায়ক জিকো চাকমা, আয়োজক সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুমন মারমা, পার্বত্য চট্টগ্রাম আদিবাসী লেখক ফোরামের সাবেক সভাপতি শিশির কুমার চাকমা, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান।
অন্য বক্তারা বলেন, নানা সংগ্রামের মধ্য দিয়ে পার্বত্য চুক্তি স্বাক্ষর হয়েছে। পার্বত্য চুক্তি এটা সাধারণ কোনো দলিল নয়। এটি এই এলাকার জুম্ম জনগণের অধিকারের সনদ। চুক্তি বাস্তবায়নের সংগ্রামে সকল জুম্ম জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।