দ্বাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে দেশে কোনো ধরনের নিরাপত্তাঝুঁকি নেই বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সবাই মিলে একসঙ্গে কাজ করলে কোনো অপশক্তিই কিছু করতে পারবে না। গতকাল শুক্রবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে নেওয়া নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
দেশে চলমান রাজনৈতিক উত্তাপ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে র্যাব ডিজি বলেন, আমি কোনো রাজনৈতিক উত্তাপ দেখি না। রাজনীতিতে সরকারি দল থাকবে, বিরোধী দল থাকবে। এটাকে উত্তাপ বলে মনে হয় না। বরং রাজনীতির স্বাভাবিক গতি বলে মনে করি। এটা হবেই, যেহেতু সামনে নির্বাচন। তবে এটাকে কেন্দ্র করে অন্য কোনো শক্তি কিছু করতে পারবে বলে আমি মনে করি না।
আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে মানুষের মধ্যে এক ধরনের আশঙ্কা ও সংশয় রয়েছে, এ বিষয়ে র্যাব ডিজি বলেন, মানুষের মধ্যে তো প্রতিক্রিয়া আছেই। সামাজিক যোগাযোগমাধ্যমে কত কথাই আসে, সবই কি সত্যি? মানুষ তো ভাবতেই পারে। আমাদের চিন্তার স্বাধীনতা আছে, কথা বলার স্বাধীনতা আছে। আমি আমার মতো বলতেই পারি, ভাবতেই পারি। তিনি বলেন, তবে এটার জন্য কোনো থ্রেট আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সবাই মিলে কাজ করলে দেশের জন্য কোনো অপশক্তি কিছু করতে পারবে বলে মনে করি না। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা পুরোপুরি সক্ষম।