করোনার টিকার বুস্টার ডোজ হিসেবে নাকের ড্রপ ব্যবহারের অনুমোদন দিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। গতকাল শুক্রবার থেকেই দেশটির বিভিন্ন বেসরকারি চিকিৎসালয় ও দোকানে ‘ইনকোভ্যাক’ নামের এ ওষুধটি পাওয়া যাচ্ছে।
দেশটির সংবাদমাধ্যমগুলোর খবর, হায়দরাবাদের ভারত বায়োটেকের তৈরি এ প্রতিষেধক ভারতের ড্রাগস কন্ট্রোলার জেনারেলের ছাড়পত্র পায় গত নভেম্বরে। জরুরি ভিত্তিতে প্রয়োগের ছাড়পত্র মেলার পর এবার বুস্টার ডোজ হিসেবে অনুমোদন পেল কেন্দ্রীয় সরকারের।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রাপ্তবয়স্ক যে কেউ বুস্টার ডোজ হিসেবে এ প্রতিষেধক নিতে পারবেন। যারা ইতিমধ্যেই কোভিশিল্ড বা কোভ্যাকসিন নিয়েছেন, তারাও এই নাকের ড্রপ নিতে পারেন।
গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কভিড পরিস্থিতি পর্যালোচনার পর গতকাল স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মা-বীয় রাজ্য সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন। ওই বৈঠকে তিনি সবাইকে যুদ্ধকালীন তৎপরতায় প্রস্তুত থাকার অনুরোধ করেন।
করোনার নতুন এই রূপ, যার নাম ‘বিএফ.৭’, আক্রমণ করে শ্বাসনালির ওপরের অংশে। এতে শ্বাস ও কণ্ঠনালি ক্ষতিগ্রস্ত হয়। তাতে সর্দি জমে। জ্বর, গলাব্যথা ও সর্দিÑ কাশি হতে পারে। বমি হতে পারে। দেখা দিতে পারে পেটের সমস্যাও।
নতুন প্রতিষেধক হিসেবে ‘ইনকোভ্যাক’ ন্যাজাল ড্রপ অনুমোদন পেলেও তার দাম সরকারিভাবে কত, তা জানানো হয়নি। সরকারি হাসপাতালে কবে থেকে পাওয়া যাবে, সে কথাও জানানো হয়নি।