পিকনিকে গিয়ে রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ রয়েছেন এক ব্যাংক কর্মকর্তা। এ সময় ডুবে মারা গেছেন তার স্ত্রী মানজুরি তানভীর নিশি (৩২)। গতকাল শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের বালিগ্রামে এ ঘটনা ঘটে।
নিখোঁজ ব্যাংক কর্মকর্তার নাম সালাহউদ্দিন কাদের রূপন (৩৮)। তিনি উত্তরা ব্যাংকের কিশোরগঞ্জ শাখায় কর্মরত। রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার শ্রীমন্তপুর মহল্লার বাসিন্দা তিনি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গোদাগাড়ী সদর স্টেশন সাব অফিসার নমির উদ্দিন জানান, শুক্রবার সকালে এই দম্পতিসহ শ্রীমন্তপুর মহল্লার ১৫/১৬ জন নৌকায় চড়ে বালুগ্রাম চরে পিকনিক করতে গিয়েছিলেন। রান্নাবান্নার পর দুপুরে কয়েকজন পদ্মা নদীতে গোসল করতে নামেন। এ সময় সালাহউদ্দিন ও মানজুরি ডুবে যান। সঙ্গে থাকা অন্যরা মানজুরিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তবে রূপনকে স্থানীয়রা উদ্ধার করতে পারেনি।