আগের দিন শেষ বিকেলে দৃঢ়তা দেখিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান। তৃতীয় দিন সকালে এই দুই ওপেনারের কাছে বড় আশা ছিল সমর্থকদের। তবে উদ্বোধনী জুটিটা বড় করতে পারেননি তারা। শান্ত বিদায় নিয়েছেন দ্রুত। আগের ম্যাচে দারুণ ব্যাটিং করা মুমিনুল হকও হেঁটেছেন একই পথে।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে লড়ছে বাংলাদেশ।
বিনা উইকেটে ৭ রান নিয়ে শনিবার নতুন দিন শুরু করে স্বাগতিকরা। তবে আর ৫ রান যোগ করতেই ফিরে যান শান্ত। ৩১ বলে ৫ রান করে রবিচন্দ্রন অশ্বিনের বলে এলবিডব্লিউ হন তিনি।
আর ৯ বলে ৫ রান করে মোহাম্মদ সিরাজের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন মুমিনুল। দলীয় ২৬ রান ২ উইকেট হারায় বাংলাদেশ।
দিনের প্রথম ঘণ্টার খেলা শেষে ২০ ওভারে বাংলাদেশের স্কোর ৪২/২। জাকির হাসান ১৯ ও সাকিব আল হাসান ১২ নিয়ে ব্যাট করছেন।
এখনও ভারতের পেয়ে ৪৫ রানে পিছিয়ে টাইগাররা। প্রথম ইনিংসে বাংলাদেশের ২২৭ রানের বিপরীতে ভারত করেছিল ৩১৪ রান।