বঙ্গবন্ধুর সন্তান দুর্নীতি করে টাকা আয় করতে ক্ষমতায় আসেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পদ্মা সেতু নির্মাণের সময় দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, পদ্মা সেতু, আমাদের ওপর দুর্নীতির অভিযোগ এসেছিল। দুর্নীতি করে টাকা বানাতে আমি ক্ষমতায় আসেনি। আমার বাবা রাষ্ট্রপতি ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন। আর আমি চার চারবারের প্রধানমন্ত্রী। আমাদের পরিবার যদি দুর্নীতিই করতো, তাহলে দেশের মানুষকে কিছু দিতে পারতাম না। আমরা দেশের মানুষকে দিতে এসেছি, মানুষের জন্য করতে এসেছি। এ কারণেই বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করবে এটা অন্তত আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে মেনে নিতে পারি না।
শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের প্রথম অধিবেশনে বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সরকার প্রধান বলেন, চ্যালেঞ্জ নিয়েছিলাম নিজের অর্থায়নে পদ্মা সেতু করবো। আমি কৃতজ্ঞতা জানায় বাংলাদেশের জনগণের প্রতি, ধন্যবাদ জানায় আমার দেশের মানুষকে। তারাই আমাকে সাহস দিয়েছে, শক্তি দিয়েছে। মহান রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করেছি। শুধুমাত্র পদ্মা সেতু না, আন্তর্জাতিকমানের তিনটা এয়ারপোর্ট করেছি, চতুর্থটা হচ্ছে কক্সবাজার।
তিনি বলেন, সরকারের ধারাবাহিকতার মাধ্যমে দেশকে এগিয়ে নেয়া সম্ভব হয়েছে। দেশের স্বার্থ কারও কাছে বিলিয়ে দেয়া হবে না।