সাকিব-লিটনকে নিয়ে যেমন দল গড়লো কলকাতা

মাঠে আনকোরা ক্রিকেটার, নিলামে টাকার বস্তাটাও সবার চেয়ে ছোটো। তাতে কোচিতে আইপিএলের মিনি নিলামে নিষ্প্রভ ছিল কলকাতা। তবে শেষ বেলায় তারা ছড়াল উত্তাপ। অল্প টাকাতেই তারা পেয়ে যায় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। সঙ্গে আরেক বাংলাদেশি লিটন দাস। তাতে নাইট রাইডার্স মোটের উপর যে দল তৈরি করেছে, তা সন্তোষজনকই।

টাইগার অধিনায়ক সাকিব ছাড়া খুব বড় নামি-দামি খেলোয়াড়কে দলে ভেড়ায়নি কলকাতা। যদিও দলটির কোচ হিসেবে রয়েছেন চন্দ্রকান্ত পন্ডিত, আনকোরা ক্রিকেটারদের নিয়ে শিরোপা জয়ের জুড়ি নেই তার।

শুক্রবার নিলামের শুরুতে যে দর উঠছিল ক্রিকেটারদের, তার সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষমতা ছিল না কেকেআরের। তারপরও বাঙালি এই ফ্র্যাঞ্চাইজিটি সমর্থকদের একেবারে হতাশ করেনি। যে দল গড়েছে, তাতে লড়াইয়ের খানিকটা আভাস দিয়ে রেখেছে।

এক নজরে দেখে নেওয়া যাক এ বারের নিলামে কাদের নিয়েছে কেকেআর। সবচেয়ে বেশি দেড় কোটি টাকা দিয়ে শেষ বেলায় সাকিবকে কিনেছে কলকাতা। তার আগে এক কোটি টাকায় তারা কেনে নামিবিয়ার অলরাউন্ডার ডেভিড ভিসাকে। যিনি আন্দ্রে রাসেলের বিকল্প হয়ে উঠতে পারেন। তবে তার বিরুদ্ধে একমাত্র বাধা হল বয়স। তিনি প্রায় চল্লিশের কাছাকাছি। এ ছাড়া নারায়ণ জগদীশন, বৈভব অরোরা, মনদীপ সিংহ, লিটন দাস, কুলবন্ত খেজরোলিয়া এবং সূয়স শর্মাকে। কারও জন্যেই এক কোটি খরচ করতে হয়নি। ফলে দিনের শেষে কেকেআরের হাতে রয়ে যায় ১ কোটি ৬৫ লাখ টাকা।

সবচেয়ে বড় ব্যাপার, যে যে লক্ষ্য নিয়ে তারা নিলামে এগিয়েছে, তার বেশিরভাগই পূরণ হয়েছে। তাদের দরকার ছিল একজন ওপেনার। জগদীশন এবং লিটন সেই জায়গা পূরণ করতে পারেন। দলে দরকার ছিল একজন উইকেটকিপার। জগদীশন এবং লিটন দু’জনেই উইকেটকিপিংও করতে পারেন। তবে একটু হলেও এগিয়ে থাকবেন জগদীশন। কারণ, তিনি স্বদেশি ক্রিকেটার এবং ঘরোয়া ক্রিকেটে অভিজ্ঞ। লিটন সেখানে এক বারও আইপিএলে খেলেননি। ডেথ ওভারে এক জন অভিজ্ঞ বোলার দরকার ছিল কলকাতার। সেই লক্ষ্য পূরণ করতে পারেনি তারা। মূলত হাতে টাকা না থাকার জন্যেই। তবে পণ্ডিত যদি গড়ে নিতে পারেন, তা হলে এই বিভাগে কেকেআরের চমক হতে পারেন খেজরোলিয়া।

এক নজরে কলকাতার পুরো দল

শ্রেয়স আয়ার (অধিনায়ক), নীতীশ রানা, রহমানুল্লাহ গুরবাজ, ভেঙ্কাটেশ আয়ার, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, শার্দুল ঠাকুর, লকি ফার্গুসন, উমেশ যাদব, টিম সাউদি, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, অনুকূল রায়, রিঙ্কু সিংহ, সাকিব আল হাসান, ডেভিড ভিসা, নারায়ণ জগদীশন, বৈভব অরোরা, মনদীপ সিংহ, লিটন দাস, কুলবন্ত খেজরোলিয়া এবং সূয়স শর্মা।