বিশ্বকাপের ঘোর কাটিয়ে ক্লাব ফুটবলে চোখ

এক মাস মানুষ বুঁদ হয়ে ছিল ফুটবল বিশ্বকাপ নিয়ে। কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপকে তো ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নিনা ইনফান্তিনো সর্বকালের সেরাও বলেছেন। বিশ্বকাপ আসে চার বছরে একবার। এ ছাড়া বাকি সময়ে ফুটবলপ্রেমীরা মেতে থাকেন ক্লাব ফুটবলে। আরও স্পষ্ট করে বললে ইউরোপিয়ান ক্লাব ফুটবল। বক্সিং ডে অর্থাৎ বড়দিনের পরদিন থেকেই শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের আরও দুটি শুরু হবে বুধ ও বৃহস্পতিবার থেকে। দুটি শুরু হবে নতুন বছরে। সেই সঙ্গে আসছে জানুয়ারিতে শীতকালীন দল-বদলেও থাকবে চোখ। তাই বিশ্বকাপ শেষে আবারও ক্লাব ফুটবলে বুঁদ হওয়ার পালা।

বিশ্বকাপ শেষ হওয়ার এক দিন পরই শুরু হয়েছে ইংলিশ লিগ কাপ ও কোপা দেল রের খেলা। লিগ কাপে গেল বৃহস্পতিবার মাঠে নেমেছে ম্যানসিটি-লিভারপুল। তবে লিগ ফুটবল দিয়ে পুরোদমে মাঠে ফিরছে ইউরোপিয়ান ক্লাব ফুটবল। ২৬ ডিসেম্বর মাঠে নামবে ইপিএলের ১৪ ক্লাব। প্রিমিয়ার লিগে ১৪ ম্যাচে ৩৭ পয়েন্টে শীর্ষে আছে আর্সেনাল। দুইয়ে থাকা সিটির পয়েন্ট ৩২। আগামী বুধবার থেকে শুরু হবে ফ্রেঞ্চ লিগও। শুরুর দিনই খেলা আছে পিএসজির। বিশ্বকাপ ফাইনালের তিন দিন পরই মাঠে অনুশীলনে ফিরেছেন কিলিয়ান এমবাপ্পে। মেসি ফিরবেন বড়দিনের ছুটি কাটিয়ে।

বিশ্বকাপের পর ক্লাব পিএসজির প্রথম খেলায় মেসি ও এমবাপ্পে একসঙ্গে মাঠে নামেন কি না, এ দুজনের রসায়নটা আবার কেমন জমে তা দেখার অপেক্ষায় আছেন সমর্থকরা। নেইমার বিশ্বকাপের আগে বলেছিলেন কাতারই হতে পারে তার শেষ বিশ্বকাপ। তবে জাতীয় দল নিয়ে এখনো সিদ্ধান্ত জানাননি তিনি। ক্লাব ফুটবল নিয়ে তো তার ভক্তদের মনে কোনো সন্দেহ নেই। তাই নেইমার ভক্তরাও অপেক্ষায় আছেন পিএসজির হয়ে তাকে মাঠে দেখার জন্য। পিএসজি খেলবে স্ত্রাসবুর্গের বিপক্ষে।

স্পেনের লা লিগা শুরু হবে বৃহস্পতিবার থেকে। তবে প্রথম দিনে মাঠে নামছে না জায়ান্ট দুই দল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। পরের দিন নামবে রিয়াল, তারপর বার্সা। লা লিগায় সমান ১৪ ম্যাচ শেষে ৩৭ পয়েন্টে শীর্ষে বার্সেলোনা, ৩৫ পয়েন্টে দুইয়ে রিয়াল।

ইতালিয়ান লিগ সিরি’আ এ বছর মাঠে ফিরছে না। ৬ জানুয়ারি থেকে আবারও শুরু হবে ইতালিয়ান লিগ। ইতালিয়ান লিগে ১৫ ম্যাচ শেষে ৪১ পয়েন্টে শীর্ষ আছে নাপোলি। শীর্ষ পাঁচ লিগের মধ্যে লম্বা ছুটি কাটাতে পারছে জার্মান লিগে খেলা ফুটবলাররা। বুন্দেসলিগা ফের শুরু হবে ২০ জানুয়ারি থেকে। এ ছাড়া বুধবার থেকে শুরু পর্তুগিজ লিগ, ডাচ লিগের শুরু ৬ জানুয়ারি থেকে।

এ তো গেল গিল ফুটবল শুরুর হিসাব। বিশ্বকাপের পর ভক্তদের উন্মাদনা বাড়াতে থাকছে শীতকালীন দল-বদলও। যা শুরু হবে জানুয়ারির ১ তারিখ, শেষ হবে ৩১ তারিখ। এই দল-বদলের সময় ফ্রি এজেন্ট ক্রিশ্চিয়ানো রোনালদো। ফলে তাকে নিয়ে ভক্তদের বাড়তি আগ্রহ থাকবে তা বলাই যায়। গুঞ্জন সত্য হলে রোনালদো যেতে পারেন সৌদি আরবের ক্লাব আল নাসেরে। সৌদি লিগের দল-বদলও শুরু হবে ১ জানুয়ারি থেকে, শেষ হবে ২৮ তারিখ। এ ছাড়া বিশ্বকাপ পারফরম্যান্সের কারণে এবার শীতকালীন দল-বদলে থাকবে বাড়তি নজর।