রসিক নির্বাচনে অংশ নেওয়ায় যুবদল নেতা বহিষ্কার

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে কাউন্সিলর পদে অংশ নেওয়ায় মহানগর যুবদলের সাধারণ সম্পাদক লিটন পারভেজকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু।

দলীয় সূত্রে জানা যায়, ২৭ ডিসেম্বর রসিক নির্বাচন অনুষ্ঠিত হবে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে লিটন পারভেজ রসিক নির্বাচনে ২১ নম্বর ওয়ার্ড থেকে ঠেলাগাড়ী প্রতীক নিয়ে কাউন্সিলর পদে অংশ নিয়েছেন। বিএনপি এ নির্বাচনে অংশ নেবে না বলে ঘোষণা দিয়েছে। সিটি নির্বাচনে কেন্দ্রীয় যুবদলসহ বিএনপির শীর্ষ স্থান থেকে মনোনয়ন প্রত্যাহারসহ নির্বাচন থেকে সরে আসার জন্য বলা হয়েছিল। কিন্তু নির্দেশনা না মানায় তাকে বহিষ্কার করা হয়।