যুব গেমসের লোগো ও মাসকট উন্মোচন সেনাপ্রধানের

সেনাবাহিনীপ্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস-২০২৩ এর লোগো এবং মাসকট উন্মোচন করেন। গত শুক্রবার ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এই লোগো উন্মোচন করা হয়। এসময় বিশেষ অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

অনুষ্ঠানে সেনাবাহিনীপ্রধান বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সঙ্গে এগিয়ে যাচ্ছে আমাদের ক্রীড়াঙ্গন। দেশের বিভিন্ন স্থান হতে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য এবং নতুন প্রতিভার সমন্বয়ে আমরা জাতীয় দলগুলোকে সমৃদ্ধ করতে পারব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল ছিলেন দেশের অন্যতম ক্রীড়া সংগঠক ও তারুণ্যের প্রতীক। তার যৌবনদীপ্ত ক্রীড়াশৈলী দেশের তরুণদের প্রতিনিয়ত অনুপ্রাণিত করে। এ প্রজন্মের তরুণরাও খেলাধুলার বিভিন্ন ক্ষেত্রে তাদের প্রতিভা ও ক্রীড়াশৈলী প্রদর্শন করে আগামীতে হয়ে উঠবে অনন্য সাধারণ ক্রীড়াবিদ। আইএসপিআর