এ বছরের এসএসসি পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ডে পুনর্নিরীক্ষার আবেদন করে জিপিএ ৫ পেয়েছে ১০৯ জন। এ বোর্ডে জিপিএ ৫ পাওয়া ৬৪ হাজার ৯৮৪ জনের সঙ্গে যোগ হলো তারা। সেই হিসাবে ঢাকা শিক্ষা বোর্ডে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা দাঁড়াল ৬৫ হাজার ৯৩ জন।
গতকাল শনিবার ঢাকা শিক্ষা বোর্ড তাদের ওয়েবসাইটে এসএসসির ফল পুনর্নিরীক্ষার এ ফলাফল প্রকাশ করেছে।
এবার ঢাকা বোর্ডেই ফল পুনর্নিরীক্ষার আবেদন করে ৩৬ হাজার ২৭৮ জন। এর মধ্যে ফেল করা শিক্ষার্থীরাও ছিল। তাদের মধ্যে ১০৯ জন শিক্ষার্থী পাস করেছে। এ বোর্ডের অধীনে ৭২৩ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।
মাদ্রাসা শিক্ষা বোর্ড : এ বোর্ডের অধীনে ১৬ হাজার ৮৩৩ জন শিক্ষার্থী এবারের দাখিল পরীক্ষায় ফল পুনর্নিরীক্ষার আবেদন করেছিল। এর মধ্যে ৩৩৫ জনের ফল পরিবর্তন হয়েছে। নতুন করে জিপিএ ৫ পেয়েছে ৪১ জন। এ ছাড়া ফেল থেকে পাস করেছে ২২৬ জন।