একই দিনে স্বামী-স্ত্রী ও সন্তানের জন্মদিন!

একই দিনে স্বামী-স্ত্রীর জন্মদিন। তাদের সন্তানও জন্ম নিয়েছে সেই একই দিনে। এমনই বিরল ঘটনা ঘটল আমেরিকায়।

আলাবামা প্রদেশের হান্টসভিলের ক্যাসিডি এবং ডিলান স্কটের সন্তান জন্ম নেয় গত ১৮ ডিসেম্বর।

এই নিয়ে ফেসবুকে পোস্ট করে হান্টসভিল হাসপাতাল কর্তৃপক্ষ।

পোস্টে লেখে, ‘ক্যাসিডি এবং ডিলান স্কটকে অভিনন্দন। তারা সবেমাত্র তাদের সন্তানকে পৃথিবীতে স্বাগত জানিয়েছেন! এটি যেকোনো পরিবারের জন্য একটি আনন্দের সময়। কিন্তু এই পরিবারের জন্য এটি একটু বেশিই বিশেষ। কারণ তারা সবাই একই দিনে জন্মদিন পালন করবেন! এমনটা হওয়ার সম্ভাবনা ১ লাখ ৩৩ হাজারে একটি।

গত ১৮ ডিসেম্বর তাদের কন্যা সন্তান লেননের জন্ম হয়।

উল্লেখ্য, পরিসংখ্যান অনুযায়ী, স্বামী-স্ত্রীর জন্মতারিখ এক হওয়ার ঘটনা খুবই কম ঘটে। এই ধরনের মিলের সম্ভাবনা ১২ হাজারের মধ্যে ১টি। আর এর থেকেও বিরল হল স্বামী, স্ত্রী এবং সন্তানের জন্মদিন একই দিনে হওয়া।

পরিসংখ্যানবিদদের মতে, মা-বাবা আর সন্তানের জন্মতারিখ একই হওয়ার ঘটনা প্রতি ১ লাখ ৩৩ হাজারে ১ বার ঘটে।