প্যাট্রিয়ট ধ্বংসে পুতিনের প্রত্যয়

রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেছেন, ‘ইউক্রেনকে দেওয়া যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক মিসাইল প্যাট্রিয়ট ধ্বংস করা হবে।’ পুতিনের এই মন্তব্য প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। পুতিন বলেন, ‘আমি শতভাগ আশাবাদী যে রুশ সেনারা এসব অস্ত্র ধ্বংস করে ফেলবে। এসময় তিনি আরও জোর দিয়ে বলেন, অবশ্যই আমরা যুক্তরাষ্ট্রের অস্ত্র ধ্বংস করব।’ কিয়েভের জরুরি অনুরোধের পরিপ্রেক্ষিতে ইউক্রেনকে সর্বাধুনিক প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটি এ সংক্রান্ত একটি পরিকল্পনা চূড়ান্ত করেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেন। এ সময় বাইডেন জেলেনস্কিকে আশ্বস্ত করেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধে যতদিন প্রয়োজন যুক্তরাষ্ট্র ততদিন ইউক্রেনের সঙ্গে রয়েছে। এই বৈঠকেই জেলেনস্কিকে প্যাট্রিয়ট দেওয়ার নিশ্চয়তা দেন বাইডেন। বিশ্লেষকরা বলছেন, প্যাট্রিয়টই হবে ইউক্রেনকে এ পর্যন্ত পশ্চিমের দেওয়া সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। বাইডেন জেলেনস্কিকে প্যাট্রিয়ট দিচ্ছেন এই খবর চূড়ান্ত হওয়ার পর গেল বৃহস্পতিবার পুতিন বলেছিলেন ‘প্যাট্রিয়ট পুরনো’। রুশ প্রেসিডেন্টের দাবি, যুক্তরাষ্ট্র একে অত্যাধুনিক বললেও রাশিয়ার এস-৩০০ এর চেয়ে পিছিয়ে। প্যাট্রিয়ট রাশিয়াকে রুখতে পারবে না।