ঈশ্বরদীতে পূর্বশত্র“তার জের ধরে শিশুকন্যাসহ যুবলীগ নেতা ছুরিকাহতের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার ঈশ্বরদী সরকারি কলেজের সামনে এই ঘটনা ঘটে। আহত যুবলীগ নেতার নাম আব্দুস সালাম মোল্লা (৪৪) ও মেয়ে আয়েশা খাতুন (৭)।
সালাম মোল্লা ঈশ্বরদী পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক। জানা যায়, আব্দুস সালাম মোল্লাকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার মেয়ে আয়েশার হাতে ছুরিকাঘাত করা হয়।
স্থানীয়রা জানিয়েছে, ঈশ্বরদী পৌর এলাকার মশুড়িয়াপাড়া এলাকার বাসিন্দা ও পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম মোল্লার সঙ্গে পার্শ্ববর্তী ঝ্যাড়ি পুকুর এলাকার শাকিল হোসেনের (২০) বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরে গতকাল রবিবার সকালে সালাম মোল্লা তার মেয়ে আয়েশাকে সঙ্গে নিয়ে ঈশ্বরদী সরকারি কলেজের সামনে এলে শাকিলের বাকবিতন্ডা শুরু হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে শাকিলের কাছে থাকা ধারালো চাকু দিয়ে প্রথমে সালাম মোল্লাকে পেটে আঘাত করে। পরে একে একে পিঠে, হাতে ও মেয়ের হাতে আঘাত করে পালিয়ে যায় শাকিল। এ বিষয়ে ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।