৭ দিনে তাপমাত্রা কমেছে ৪ ডিগ্রি সেলসিয়াস

হিমালয়ের পাদদেশের জেলা দিনাজপুরে দিন দিন তাপমাত্রা কমছে। গেল এক সপ্তাহের ব্যবধানে জেলার তাপমাত্রা কমেছে ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রবিবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা। 

গত শনিবার সন্ধ্যা থেকে উত্তরের এই জেলায় কুয়াশার পরিমাণ কিছুটা কম থাকলেও শীতের তীব্রতা ছিল বেশি। তবে গতকাল ভোর থেকে কুয়াশার পরিমাণ বেড়ে যায়। শীতের তীব্রতা বাড়তে থাকে আরও। 

তীব্র শীতে শিশু ও বৃদ্ধরা পড়েছে চরম বেকায়দায়। শীতের কারণে খেটে খাওয়া মানুষ ঠিকমতো কাজ করতে পারছে না। দেরি করে বাড়ি থেকে বের হচ্ছে সাধারণ মানুষ। সকাল সাড়ে ১১টা পর্যন্ত এই জেলায় রোদের দেখা মেলেনি।

আবহাওয়া অধিদপ্তর এবং দিনাজপুর আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, গত সোমবার জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস।