দেশের বিভিন্ন স্থানে আজ হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়তে পারে। এ ছাড়া পরবর্তী তিন দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
আজ সোমবার (২৬ ডিসেম্বর) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর জানায়, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দুই এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, শেষ রাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হয়ে গতকাল দুপুর ১২টায় শ্রীলঙ্কা উপকূল অতিক্রম করেছে। এটি ক্রমাগত পশ্চিম-দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয় এবং গুরুত্বহীন হয়ে পড়েছে।