পাকিস্তানের ক্রিকেট ভক্তদের ২০ বছরের অপেক্ষার অবসান ঘটালো নিউজিল্যান্ড। ২০০২ সালে সবশেষ দেশটি সফর করেছিল। অবশেষে দুই দশক ফের করাচি টেস্ট দিয়ে ফের দেশটিতে খেলতে নেমেছে কিউইরা। আর এই ম্যাচেই চার বছর পর সাদা পোশাকের ক্রিকেটে ফিরলেন সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। যা তার ক্যারিয়ারের ৫০তম টেস্ট ম্যাচ। তবে ঘরের মাটিতে প্রথমবারের মতো ক্রিকেটের দীর্ঘ এই সংস্করণে খেলতে নেমেছিলেন তিনি।
প্রত্যাবর্তনের ম্যাচে খাদের কিনারে পড়ে যাওয়া পাকিস্তানকে টেনে তুলতে সাহায্য করেছেন তিনি। অধিনায়ক বাবর আজমের সঙ্গে গড়েছেন ১৯৬ রানের জুটি। ১৫৩ বল খেলে তিনি আউট হয়েছেন ৮৬ রানে।
সোমবার থেকে করাচির ন্যাশনাল ব্যাংক ক্রিকেট অ্যারেনায় শুরু হওয়া এই টেস্ট ম্যাচ দিয়ে এলিট শ্রেণিতে প্রবেশ করেছেন সরফরাজ। ৩৫ বছর বয়সী এই তারকা ৫০ বা তার বেশি টেস্ট ম্যাচ খেলা চতুর্থ পাকিস্তানি উইকেট-রক্ষক ক্রিকেটার। এর আগে মঈন খান, কামরান আকমল ও ওয়াসিম বারি এই কীর্তি অর্জন করেছিলেন।
পাকিস্তানের উইকেট রক্ষকদের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ খেলার তালিকার শীর্ষে ওয়াসিম বারির নাম। তিনি ৮১ ম্যাচে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। এছাড়া মঈন খান ৬৬ ও কামরান আকমল ৫৩টি টেস্ট ম্যাচ খেলেছেন।