পুলিশের ওপর হামলার অভিযোগে নগরীর পাঁচলাইশ থানায় করা মামলায় ইসলামী ছাত্রশিবিরের আরও ১০ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এ মামলায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ২১ জন।
গ্রেপ্তারকৃতরা হলেন চান্দগাঁও থানাধীন পশ্চিম সমশের পাড়ার আলী আজগর, হাজীরপুল এলাকার মজিবুল হক জাবেদ, ভোলার বোরহানউদ্দীন থানার উত্তর চর লামছিতলীর মো. আকতার হোসেন, চাঁদপুরের ফরিদগঞ্জ থানার বিষ্ণুর বন্দর এলাকার মো. আবুল কালাম আজাদ, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার মনিপুর এলাকার লুৎফর রহমান প্রকাশ আলম, কক্সবাজারের চকরিয়া থানার নিজপান খালীর মো. তৌহিদুল ইসলাম, নোয়াখালীর সদর থানার মো. বদরুদ্দোজা, সাতকানিয়া উপজেলার দক্ষিণ চরতির মোজাম্মেল হক, পাঁচলাইশ থানার কাপাসগোলা এলাকা মো. জসিম উদ্দিন ও পাঁচলাইশ সিডিএ এভিনিউর মো. হারুনুর রশিদ। পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান এ প্রতিবেদককে জানান, গত ২৪ ডিসেম্বর নগরীর মোহাম্মদপুর এলাকায় ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর শিবির কর্মীরা হামলা চালায়।