কক্সবাজারের উখিয়ায় বালুখালী ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ হোসেন (৪০) নামে এক রোহিঙ্গা নেতা নিহত হয়েছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় বালুখালী ক্যাম্প-১৮/ইস্টে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মোহাম্মদ হোসেন ওই ক্যাম্পের ব্লক ৮-এর মোহাম্মদ শফিকের ছেলে। তিনি ওই ক্যাম্পের হেড মাঝি হিসেবে দায়িত্বরত ছিলেন।
এ নিয়ে চলতি ডিসেম্বর মাসেই ক্যাম্পে তিনটি হত্যার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আহত ও গুলিবিদ্ধ হয়েছেন আরও কয়েকজন। স্থানীয়রা বলছেন, উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিদিন সংঘর্ষের ঘটনা ঘটছে। এতে সাধারণ রোহিঙ্গারা হত্যার শিকার হচ্ছেন। চলতি মাসেই তিনজন রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। সন্ত্রাসীদের গুলিতে শিশুসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়ে উখিয়া ও কক্সবাজার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গতকালের হত্যাকাণ্ড নিয়ে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি ফারুক আহমেদ জানান, গতকাল সকালে বাড়ির পাশে বসে ছিলেন মোহাম্মাদ হোসেন। সে সময় সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালালে তিনি গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।