সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ১০ দফা দাবিতে আগামী ৩০ ডিসেম্বর ঢাকায় বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর গণমিছিলে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গণতান্ত্রিক বাম ঐক্য।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে গণতান্ত্রিক বাম ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় জোটের নেতৃবৃন্দ এ সিদ্ধান্ত নেন। সভায় উপস্থিত ছিলেন জোটের সমন্বয়ক ও বাংলাদেশের সাম্যবাদী দল (এম—এল) এর সাধারণ সম্পাদক কমরেড হারুন চৌধুরী, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক সাবেক ছাত্রনেতা আবুল কালাম আজাদ, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড সামছুল আলম ও পিডিপি’র মহাসচিব হারুন আল রশীদ খাঁন।
সভায় গণতান্ত্রিক বাম ঐক্য নেতৃবৃন্দ দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের স্বাধীনতা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় বিএনপির ২৭ দফা রূপরেখার সঙ্গে একমত পোষণ করে যুগপৎ আন্দোলন—সংগ্রাম করার সিদ্ধান্ত নেন।
সভায় জোটের পক্ষ থেকে সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ জোরদার করতে একটি লিঁয়াজো কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক—বাংলাদেশের সাম্যবাদী দল (এম—এল) এর সাধারণ সম্পাদক কমরেড হারুন চৌধুরী, সদস্য—সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক সাবেক ছাত্রনেতা আবুল কালাম আজাদ, সদস্য—সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড সামছুল আলম ও সদস্য—পিডিপি’র মহাসচিব হারুন আল রশীদ খাঁন।